সন্তান নিয়ন্ত্রণে অভিভাবকদের ক্ষমতা দিচ্ছে ভিআর!

১৮ মার্চ, ২০২২ ১৪:৩২  
ভার্চুয়াল রিয়েলিটি (ভিআর) ব্যবহার করে তরুণরা যেনো বিপথগামী না হয় সে জন্য অভিভাবকদের হাতে লাগাম তুলে দিয়ে নতুন একটি টুল যুক্ত করলো ফেসবুকের মালিকানাধীন প্রতিষ্ঠান মেটা। টুলটি ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক সন্তান যেনো অনাকাঙ্ক্ষিত কোনও গেম খেলতে না পারে তা নিয়ন্ত্রণ করতে পারবেন অভিভাবকরা। নতুন এই কন্ট্রোলকে মেটা ফ্যামিলি সেন্টার হিসেবে অভিহিত করা হয়েছে। বৃটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, আপাতত এটা যুক্তরাষ্ট্রে চালু হয়েছে। আগামী মাসে ফিচারটি বিশ্বব্যাপী চালু হবে। এই ফিচারের মাধ্যমে অভিভাবকরা তার সন্তানের ভিআর ব্যবহারের সময়সীমা নির্ধারণ করে দিতে পারবে। তবে গোড়াতেই এই টুলের কার্যকারিতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। যদিও গত বছরই অভিভাবকীয় নিয়ন্ত্রণ আরো বাড়ানোর পরিকল্পনা প্রকাশ করেছিলো মেটা-মালিকানাধীন ইনস্টাগ্রাম। যুক্তরাজ্য সরকার শিশুদের অনলাইন সুরক্ষার জন্য আইন প্রণয়ন করার পরই এমন পরিকল্পনার কথা সামনে নিয়ে আসা হয়। এর পর কোয়েস্ট হেডসেটের নীতিমালায় ব্যবহারকারীর বয়স সীমা ১৩ বছরের উপরে হওয়ার নিয়ম বেধে দেয়া হয়। আর অকুলাসের টুল অনুযায়ী অভিভাবকরা ভিআরের যেকোনও অ্যাপ লক করে দিতে পারবেন। কোয়েস্ট স্টোর থেকে বয়স অনুপযুক্ত অ্যাপ ডাউনলোডও ব্লক করে দিতে পারবেন তারা। এজন্য অকুলাস মোবাইল অ্যাপে প্যারেন্ট ড্যাশবোর্ড সংযুক্ত করে এখানে টিনএজার এবং অভিভাবক উভয়ে সম্মতি দেয়ার বাধ্যতামূলক করা হয়েছে। এতে করে টিনএজারের অ্যাকাউন্টটি অভিভাবকের অ্যাকাউন্টের সঙ্গে লিংক হয়ে যাবে। লিংক হওয়ার পরে সন্তান কী কী অ্যাপ ব্যবহার করছে তা সবই দেখতে পারবেন অভিভবাকরা। সন্তান ভিআর-এ কোনও কিছু কিনলে তার নোটিফিকেশন পাবেন। কতক্ষণ ভিআরে কাটিয়েছে তাও দেখতে পারবেন। একইসেঙ্গে সন্তানের ফ্রেন্ডলিস্টও দেখতে পারবেন। এছাড়া সেই অ্যাকাউন্টের বিভিন্ন আপডেটও অভিভাবকদের কাছে যাবে।